ডেইলি বাংলাগ্রাম

দক্ষিণ কোরিয়ার জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষিত হবে বাংলাদেশের ঐতিহ্য

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের এশিয়ান কালচারাল সেন্টারে (এসিসি) বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষিত হবে বাংলাদেশের ঐতিহ্য

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের এশিয়ান কালচারাল সেন্টারে (এসিসি) বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক জাদুঘর কমপ্লেক্সে এই পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কিম সাং-উক। সেখানে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।

গুয়াংজুতে ৮ থেকে ১১ অক্টোবর চার দিনব্যাপী ‘এশিয়ান কালচার উইক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়। এই উৎসব চলাকালে দেওয়া এক সাক্ষাৎকারে কিম সাং-উক জানান, ২০৩০ সালের মধ্যে এসিসির সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি ‘দক্ষিণ এশিয়া মিউজিয়াম’ গড়ে তোলা হবে। প্রস্তাবিত এই জাদুঘরে বাংলাদেশের লোকশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, সংগীত ও সমসাময়িক জীবনযাত্রার বিভিন্ন উপকরণ স্থান পাবে। এছাড়া প্রতিষ্ঠানটির এশিয়ান লাইব্রেরিতে বাংলাদেশের ওপর গবেষণার সুযোগ বাড়াতে আরও বইপত্র ও তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এসিসি প্রতিষ্ঠিত হয়। স্থপতি উ ক্যু-সংয়ের ‘আলোর বন’ ধারণার ওপর ভিত্তি করে নির্মিত চার তলা ভূগর্ভস্থ এই কেন্দ্রে এশিয়ার বিভিন্ন দেশের সংস্কৃতি বিনিময় ঘটে। হানসুং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োন গিল ইউ মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ আরও দৃঢ় হবে। পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।