‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সমালোচনা জুলাই ঐক্যের
‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ‘জুলাই ঐক্য’।
‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ‘জুলাই ঐক্য’। সংগঠনটি এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের অধিকারের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তারা উল্লেখ করে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর দায়িত্বে থেকে এমন আচরণ কোনোভাবেই শোভনীয় বা দায়িত্বশীল নয়।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের পতনের পরও রাষ্ট্রের কিছু দায়িত্বশীল ব্যক্তির কাজে পুরোনো অসহিষ্ণু মানসিকতা দেখা যাচ্ছে। গণমাধ্যমের কোনো খবর বা মতামত অপছন্দ হলে তথ্য ও যুক্তি দিয়ে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো যায়। তবে পত্রিকা ছিঁড়ে ফেলা, সাংবাদিকদের অসম্মান করা কিংবা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ছাড়া ‘আমার দেশ’ কার্যালয়ে সাম্প্রতিক ককটেল হামলারও কঠোর প্রতিবাদ জানায় সংগঠনটি। তারা এই হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেছে। একই সঙ্গে রাজনৈতিক সহকারীর বিতর্কিত আচরণের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করাসহ তাকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য।