ডেইলি বাংলাগ্রাম

ঘুষের এক লাখ টাকাসহ লালবাগের সার্ভেয়ারকে হাতেনাতে ধরল দুদক

জমির সীমানা নির্ধারণ ও নামজারির জন্য ঘুষ নেওয়ার সময় লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঘুষের এক লাখ টাকাসহ লালবাগের সার্ভেয়ারকে হাতেনাতে ধরল দুদক

জমির সীমানা নির্ধারণ ও নামজারির জন্য ঘুষ নেওয়ার সময় লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দুদকের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আসাদুল ওই কাজের বিনিময়ে মোট ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। পরে প্রথম কিস্তির এক লাখ টাকা নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজার ২৮২ শতাংশ জমির পাওয়ার অব অ্যাটর্নি পান অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলাম। জমির নকশা তৈরি ও সীমানা নির্ধারণের জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন তিনি। পরবর্তী প্রায় ছয় মাস ভূমি অফিসে ঘুরেও তিনি কাজ করাতে পারেননি। একপর্যায়ে তাকে সার্ভেয়ার আসাদুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তখন আসাদুল কাজটি করে দিতে ৮০ লাখ টাকা দাবি করেন।

ঘুষ দাবির মুখে মনিরুল বিষয়টি দুদককে জানান এবং ফাঁদ পাতার অনুরোধ করেন। অভিযোগ যাচাই শেষে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি দল মঙ্গলবার সকালে লালবাগে অভিযান চালায়। মনিরুলের কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার মুহূর্তেই আসাদুলকে হাতেনাতে ধরা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কার্যালয়ে মামলা এবং আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।