এসআরবির মহাপরিচালক পদে ফারুক আহমেদ, শীর্ষ পুলিশে রদবদল
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। তিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। একই আদেশে শীর্ষ পর্যায়ের আরও ছয়জন কর্মকর্তাকে নতুন পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের। আর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থায় পাঠানো হয়েছে। এছাড়া পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়।
একই সঙ্গে ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তার পদেও পরিবর্তন এসেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে বদলি করে জিএমপির নতুন কমিশনার করা হয়েছে। অন্যদিকে, রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।