এসআরবির ডিজিসহ পুলিশের শীর্ষ সাত পদে রদবদল
বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ সাত কর্মকর্তাকে বদলি ও নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ সাত কর্মকর্তাকে বদলি ও নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। অন্যদিকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়।
এছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে। একই আদেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।