ডেইলি বাংলাগ্রাম

সংসদে দাবি মানা না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবি পূরণ না হলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সংসদে দাবি মানা না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবি পূরণ না হলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিদ্যমান পরিস্থিতি চলতে থাকলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে। শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লী মোড়ে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় নেতারা এই কথা বলেন। জুলাই গণহত্যার দ্রুত বিচার, গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সাত দফা দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, সংসদেই সাত দফার নিষ্পত্তি করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আবারও গণবিপ্লব শুরু হবে। সরকারের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার ও গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আলোচনা করতে হবে। পরবর্তীতে ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের পথসভাতেও জামায়াত আমির একই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জনগণের দাবি অগ্রাহ্য করলে পরবর্তী সময়ে ঢাকামুখী লংমার্চ শুরু করা হবে।

মুড়লী মোড়ের সমাবেশে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল সভাপতিত্ব করেন। এতে খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এছাড়া ঝিনাইদহে বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। মুন্সিগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট ও খুলনা হয়ে আসা এই লংমার্চ রাত সোয়া ১০টার দিকে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।