ডেইলি বাংলাগ্রাম

লালন শাহ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের প্রতীক: ভারতীয় হাইকমিশনার

ফকির লালন শাহ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

লালন শাহ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের প্রতীক: ভারতীয় হাইকমিশনার

ফকির লালন শাহ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি উল্লেখ করেন, লালনের কালজয়ী চিন্তা মানবজাতির জন্য পথপ্রদর্শক এবং তা অসাম্প্রদায়িকতার বড় প্রতীক। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘লালন সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দিকভ্রান্ত জাহাজের কাছে আলোকবর্তিকা যেমন জরুরি, মানুষের জীবনের জন্যও লালনের দর্শন ঠিক তেমনই দিকনির্দেশক। কেবল লালন শাহের জীবন উদযাপন করলেই চলবে না, বরং তাঁর ভাবাদর্শ নিজেদের ভেতর ধারণ করার উপায় খুঁজে বের করতে হবে বলে তিনি মত দেন।

এই সাংস্কৃতিক সন্ধ্যায় লালনের গান পরিবেশন করেন বিশিষ্ট বাউলশিল্পী শফি মণ্ডল ও প্রখ্যাত বাঁশিবাদক গাজী আবদুল হাকিম। এছাড়া গান শোনান নাসরিন আখতার বিউটি, অচিন পাখি কালচারাল একাডেমি এবং নিগার সুলতানা সুমির ব্যান্ড ‘লালন’।