ডেইলি বাংলাগ্রাম

পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত: চালকের আসনে ছিলেন ছেলে

রাজধানীর পল্টনে কালভার্ট রোডে শনিবার একটি প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত: চালকের আসনে ছিলেন ছেলে

রাজধানীর পল্টনে কালভার্ট রোডে শনিবার একটি প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক গাড়িটি ফেলে পালিয়ে গেলে পুলিশ সেটি জব্দ করে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির মালিক সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহ এবং ঘটনার সময় তাঁর ছেলে সেটি চালাচ্ছিলেন।

পুলিশের তথ্যানুযায়ী, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডানের একটি শাখা সড়কে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মারাত্মক জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গাড়ির মালিকানা নিশ্চিত হলেও দুর্ঘটনার সময় চালকের আসনে কে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে ফুটপাতে গাড়ি উঠে মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক প্রাণ হারান। ওই ঘটনায় তাঁর ভাই মোক্তাদীর ইসলাম গুলশান থানায় আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ঘটনার পরপর স্থানীয় জনতা চালকের আসনে থাকা এক কিশোরকে ধরে পুলিশের কাছে দিলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ভিডিও ফুটেজ দেখে কিশোরের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে তাকে আইনের আওতায় নেয় পুলিশ।