ডেইলি বাংলাগ্রাম

শাহজালালে পায়ুপথে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার সোনার পেস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে আনুমানিক ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের সোনা জব্দ করা হয়েছে।

শাহজালালে পায়ুপথে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার সোনার পেস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে আনুমানিক ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের সোনা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার (ফ্লাইট G9 518) যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকের কাছ থেকে এসব সোনা উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এনবিআর সূত্রে জানা যায়, চোরাচালানের আগাম খবরে বিমানবন্দরে কড়া নজরদারি রাখা হয়েছিল। অভিযুক্ত যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে তাকে সন্দেহবশত তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে সাদা স্কচটেপ দিয়ে পেঁচানো ডিমের মতো তিনটি সোনার পেস্ট পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে এবং মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। স্বর্ণকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট মানের এসব পেস্ট প্রক্রিয়াজাত করলে আনুমানিক ১ হাজার গ্রাম বা ১ কেজি খাঁটি সোনা মিলবে।

বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে কাস্টমস কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারদর ১ কোটি ৭৪ লাখ টাকা। এ ঘটনায় আরমান উদ্দিন সিদ্দিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ঢাকা কাস্টমস হাউস।