ডেইলি বাংলাগ্রাম

দলে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব বা কোনো অপরাধে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব বা কোনো অপরাধে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভায় তিনি এই বার্তা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা দখলদারের স্থান হবে না বলে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই সভায় দলীয় শৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে নেতাকর্মীদের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও অপরাধীদের প্রশ্রয় না দিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী কোনো প্রকার স্বজনপ্রীতি না করে সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমর্থন দেওয়ার আহ্বান জানান। চিফ হুইপ জানান, এবার এই নির্বাচন দলীয় প্রতীকে হবে না এবং সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। ইউনিয়ন পরিষদগুলোতে একক প্রার্থী ঠিক করার ওপরও জোর দেওয়া হয়।

সভায় মাঠপর্যায়ে ডিসি ও ইউএনওদের ভূমিকা নিয়ে কয়েকজন সংসদ সদস্য অসন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে সারের ডিলারশিপ নিয়ে তাদের মতামত উপেক্ষা করার বিষয়টি ওঠে আসে। সভায় স্থানীয় সরকার, আইন, বিদ্যুৎ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা আলোচনা করেন। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ঘিরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারা দেওয়ার কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।