পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার শুরু: শ্রমমন্ত্রী
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠনের কাজ শুরু হতে যাচ্ছে।
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠনের কাজ শুরু হতে যাচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মজুরি বোর্ড চূড়ান্ত করতে শনিবার শ্রম ভবনে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার জানান, শ্রমিকপক্ষ ইতোমধ্যে তাদের প্রতিনিধির নামের তালিকা দিয়েছে। শনিবার তারা চূড়ান্ত প্রতিনিধির নাম ঘোষণা করবে।
বৈঠক শেষে শিল্প এলাকার শ্রমিকদের বাড়িভাড়ার বিষয়েও আশ্বাস দেন শ্রমমন্ত্রী। তিনি জানান, শিল্পাঞ্চলগুলোতে যাতে বাড়িভাড়া বাড়ানো না হয়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং সরকার পদক্ষেপ নেবে।