ফায়ার সার্ভিসে নতুন বদলি নীতিমালা জারি, তিন বছর হলেই বদলিযোগ্য কর্মীরা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বদলি ও পদায়ন নীতিমালা কার্যকর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বদলি ও পদায়ন নীতিমালা কার্যকর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ‘অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের কর্মচারীদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই নীতিমালায় জানানো হয়েছে, একই কর্মস্থলে একটানা তিন বছর দায়িত্ব পালন করলে সংশ্লিষ্ট কর্মী বদলিযোগ্য হবেন। তবে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং হাওর, দ্বীপ ও চরাঞ্চলের অস্থানীয় কর্মচারীদের ক্ষেত্রে এই সময়সীমা দুই বছর নির্ধারণ করা হয়েছে। নতুন এই আদেশের ফলে ২০২৩ সালের সংশোধিত নীতিমালাটি বাতিল করা হলো।
নীতিমালা অনুযায়ী, পঞ্চম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীদের বদলির বিষয় মন্ত্রণালয় এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের বিষয়টি অধিদপ্তর নিষ্পত্তি করবে। ১২তম ও তদূর্ধ্ব গ্রেড এবং স্টেশন অফিসার বা সমমানের কর্মকর্তারা নিজ জেলায় পদায়ন পাবেন না। তবে মেট্রোপলিটন বা সিটি করপোরেশন এলাকায় কর্মজীবনে সর্বোচ্চ দুইবার তাঁদের এমন পদায়নের সুযোগ রয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নিজ উপজেলা বাদে জেলার ভেতরে বা নিকটবর্তী দপ্তরে দায়িত্ব পেতে পারেন। স্থায়ী, অস্থায়ী ও প্রেষণে থাকা কর্মীদের জন্য নিয়মটি প্রযোজ্য হলেও উন্নয়ন প্রকল্প, আউটসোর্সিং বা দৈনিক ভিত্তিক কর্মীরা এর আওতামুক্ত থাকবেন।
বিশেষ সুবিধার ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনই চাকুরিজীবী হলে কিংবা পরিবারের কারও গুরুতর অসুস্থতা থাকলে সুবিধাজনক স্থানে বদলিতে অগ্রাধিকার দেওয়া হবে। অবসরোত্তর ছুটি শুরুর ১৩ মাস বাকি থাকলে কোনো কর্মীকে তাঁর আবেদন ছাড়া অন্যত্র বদলি করা যাবে না। পাশাপাশি এই সময়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া শর্তসাপেক্ষে পারস্পরিক বদলি এবং চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার বদলির সিদ্ধান্ত পরিবর্তনের আবেদন করার সুযোগ পাবেন কর্মীরা। তবে প্রশাসনিক কারণে বদলি করা হলে পরবর্তী তিন বছর কোনো বদলির আবেদন গ্রহণ করা হবে না।