ডেইলি বাংলাগ্রাম

ভারতে ভোটার তালিকা থেকে নাগরিক বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর সংহতি

ভারতে প্রায় ১৩ কোটি নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির তরুণ সমাজের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ডাকসু।

ভারতে ভোটার তালিকা থেকে নাগরিক বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর সংহতি

ভারতে প্রায় ১৩ কোটি নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির তরুণ সমাজের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ডাকসু। এক ভিডিও বার্তায় ডাকসুর ভিপি সাদিক কায়েম এই সমর্থন জানান। তিনি বলেন, ব্যারিকেড দিয়ে রাজপথ আটকে দেওয়া গেলেও মানুষের কণ্ঠরোধ করা সম্ভব নয়।

সাদিক কায়েম উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের প্রায় ৩৪ শতাংশই মুসলিম। এই সিদ্ধান্তের প্রতিবাদে তরুণদের বিক্ষোভ দমাতে ভারত সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ, গণগ্রেপ্তার এবং মেট্রোরেল স্থগিতের মতো পদক্ষেপ নিয়েছে। ঐতিহাসিক যন্তর মন্তর অভিমুখী রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া খোলা মাঠ ও স্টেডিয়ামে অস্থায়ী কারাগার বানিয়ে বিক্ষোভকারীদের বন্দি করা হচ্ছে। আন্দোলনকারীদের দেওয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে ডাকসু ভিপি বলেন, ইন্টারনেট বন্ধ বা হেলিকপ্টার থেকে গুলি ছুড়েও ন্যায্য আন্দোলন থামানো যায় না। স্বৈরাচার ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকে, তাই ভয়কে জয় করে ভারতীয় তরুণদের রাজপথে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সবশেষে বাংলাদেশের ছাত্র-যুবসমাজের পক্ষ থেকে সমর্থন জানিয়ে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।