প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে আইনি নোটিশ
দেশে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকায় নামিয়ে আনতে সরকারকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে।
দেশে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকায় নামিয়ে আনতে সরকারকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। এই লক্ষ্যে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শুল্ক যৌক্তিক করার দাবি জানানো হয়। আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এতে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে নোটিশটি পাঠান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামের কারণে দরিদ্র ও নির্দিষ্ট আয়ের মানুষের পক্ষে মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এতে আমিষের চাহিদা ও শিশুদের পুষ্টির ঘাটতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। নোটিশে সংবিধানের ১৫(ক), ১৮(১) ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী খাদ্য ও জীবনধারণের অধিকার রক্ষার বিষয়টি তুলে ধরা হয়।
নোটিশে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মের কথা উল্লেখ করে বলা হয়, চারণভূমির অভাব ও পশুখাদ্যের চড়া দামের কারণে দেশে মাংস উৎপাদনের ব্যয় বেশি। অন্যদিকে যেসব দেশে পশু পালনের সুবিধা বেশি, সেখান থেকে আমদানি করলে বাজারে প্রতিযোগিতা তৈরি হবে এবং দাম কমবে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে জনস্বার্থে রিট পিটিশন করা হবে।