ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি-কে। অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক 'ডক্টর অব ল’জ' এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টফান্ডের দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক 'ডক্টর অব সায়েন্স' ডিগ্রি দেওয়া হবে।
২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে যাঁদের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, সেই সব গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত ব্যক্তিরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহীদের জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
রবিবার (১১ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি, এ. কে. এম. ফজলুল হক মিলন এমপিসহ বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকেরা অংশ নেন।