বন্দর ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় নৌপ্রতিমন্ত্রীর
দেশের বন্দর ব্যবস্থাপনাকে বিশ্বমানের ও আধুনিক করে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
দেশের বন্দর ব্যবস্থাপনাকে বিশ্বমানের ও আধুনিক করে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রবিবার রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী জানান, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের স্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বন্দর পরিচালনা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে শ্রমিকদের অধিকার এবং স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকার বিষয়টিকে সমান গুরুত্ব দিতে হবে। কোনো নতুন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সামাজিক বা প্রশাসনিক বাধা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরে বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কেবল অবকাঠামোর বিস্তার ঘটালেই চলবে না, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ব্যবস্থাপনার দক্ষতা বাড়িয়ে বন্দরগুলোকে সক্ষম করে তুলতে হবে। আয়োজিত এই সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বন্দর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অংশীজনেরা উপস্থিত ছিলেন।