জুরাইনে ছিনতাইকালে সহযোগীর ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ২
রাজধানীর কদমতলীর জুরাইন বরইতলী এলাকায় ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে জনি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রাজধানীর কদমতলীর জুরাইন বরইতলী এলাকায় ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে জনি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাপ্পিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঘটনার দেড় মাস পর এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানায় পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ। সংস্থাটি জানায়, জনি, বাপ্পি ও বারেক মূলত অটোরিকশা চালানোর আড়ালে ছিনতাই করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার রাতে তারা দুই পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় পথচারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। একপর্যায়ে বাপ্পি নিজের কোমর থেকে ছুরি বের করে পথচারীকে আঘাত করতে গেলে তা ভুলবশত জনির বুকে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় জনি মারা যান এবং বাপ্পি ও বারেক পালিয়ে যায়।
পিবিআই আরও জানিয়েছে, এই ছিনতাইকারী চক্রের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।