ডেইলি বাংলাগ্রাম

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি

সীমান্ত দিয়ে ১০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি

সীমান্ত দিয়ে ১০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। আজ রোববার মেহেরপুর ও কুষ্টিয়ার দুটি পৃথক এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের এই চেষ্টার শিকার ব্যক্তিদের মধ্যে মেহেরপুরে ছয়জন এবং কুষ্টিয়ায় চারজন ছিলেন। বিজিবির অনড় অবস্থানের কারণে তাদের সবাইকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায় বিএসএফ।

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ভোর চারটার দিকে কাঁটাতারের বেড়ার গেট খোলে বিএসএফ। ঘন কুয়াশার মধ্যে তারা চারজন নারী ও দুজন পুরুষকে এপারে পাঠানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবি জওয়ান ও স্থানীয় গ্রামবাসী মিলে প্রতিরোধ গড়ে তোলেন। এতে প্রায় ছয় ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর সকাল ১০টার দিকে ওই ছয়জনকে সীমান্তের ওপারে ফিরিয়ে নেয় বিএসএফ। রংমহল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বেলাল হোসেন জানান, এই ঘটনার পর ওই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

অন্যদিকে সকাল পৌনে আটটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্তে অপর ঘটনাটি ঘটে। সেখানে ১৫৩/৯-এস নম্বর পিলারের কাছে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষান ক্যাম্পের সদস্যরা দুজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে পাঠানোর তৎপরতা শুরু করে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক সতর্ক অবস্থান নিলে সকাল আটটার দিকে ওই চারজন ভারতের ভেতরে ফিরে যেতে বাধ্য হয়। ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘন রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।