রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি: আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম রোববার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
এর আগে শনিবার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ কয়েকজন সেখানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। আ ন ম আয়াস সাম্প্রতিক নানা ঘটনার কারণে আগে থেকেই আলোচনায় ছিলেন।
গত ৫ অক্টোবর সেগুনবাগিচার সংশ্লিষ্ট ফুটপাতটি দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ দেশের দশজন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। একই সঙ্গে সেখানে বসার বেঞ্চ ও ডাস্টবিন বসিয়ে সীমানাপ্রাচীর সংস্কার করা হয়েছিল।