মোটরসাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান (নাবিল)। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের রবিবারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ক্যাম্পাসের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন সাদমান। এরপর মোটরসাইকেল নিয়ে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন। পথে একটি স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন ও সহপাঠীরা উদ্ধার করে তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে মরদেহ তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুরে পাঠানো হয়। ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই শোকাবহ ঘটনার কারণে পদার্থবিজ্ঞান বিভাগের একটি নির্ধারিত পরীক্ষা এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।