ছয় বছরে ৩ হাজার ৪৮৭ শিশু ধর্ষণের শিকার: এইচআরএসএসের প্রতিবেদন
দেশে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয় বছরে ৩ হাজার ৪৮৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।
দেশে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয় বছরে ৩ হাজার ৪৮৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে বিভিন্ন সহিংসতার ঘটনায় ২ হাজার ৫৯৮ শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১১ হাজার ৪৫৮ জন। এ ছাড়া এই সময়ে শিশুদের যৌন হয়রানির শিকার হওয়ার ১ হাজার ২৫৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) শনিবার রাতে এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে দেশে মোট ধর্ষণের ঘটনা ঘটেছে ৬ হাজার ১৫৩টি। যার অর্ধেকের বেশি শিকার হয়েছে শিশুরা। বছরভিত্তিক হিসাবে ২০২১ সালে ১ হাজার ৪৭ জন, ২০২২ সালে ৭৩২, ২০২৩ সালে ৫৫৮, ২০২৪ সালে ২৮৪, ২০২৫ সালে ৪৭৪ এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ৩৯২ শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৩১ শিশুকে। একই সময়ে মোট ধর্ষণের ঘটনায় ২০২১ সালে ১ হাজার ৮৩৩টি, ২০২২ সালে ১ হাজার ২৮৪টি, ২০১৩ সালে ৯৯৩টি, ২০২৪ সালে ৫৫৮টি, ২০২৫ সালে ৮২৮টি এবং ২০২৬ সালে ৬৫৭টি ঘটনা ঘটে। এ ছাড়া শিশুদের যৌন হয়রানির ঘটনায় ২০২১ সালে ২৩৫টি, ২০২২ সালে ২৫২টি, ২০২৩ সালে ২২৬টি, ২০২৪ সালে ১৩০টি, ২০২৫ সালে ২৩৬টি এবং ২০২৬ সালে ২৭৬টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
সংগঠনটি জানায়, এই ছয় বছরে শিশু নির্যাতনের মোট ঘটনা ঘটেছে ৮ হাজার ৭২৫টি। এর মধ্যে নিহত হওয়া শিশুদের বছরভিত্তিক হিসাবে ২০২১ সালে ২৫১ জন, ২০২২ সালে ৩৭২, ২০২৩ সালে ৫২৯, ২০২৪ সালে ৬৬৪, ২০২৫ সালে ২৮৮ এবং ২০২৬ সালে ৪৯৪ জন প্রাণ হারায়। অন্যদিকে আহতদের মধ্যে ২০২১ সালে ১ হাজার ৭৫২ জন, ২০২২ সালে ১ হাজার ২৩২, ২০২৩ সালে ১ হাজার ৬৫২, ২০২৪ সালে ৪ হাজার ৩৭৮, ২০২৫ সালে ১ হাজার ৮৩ এবং ২০২৬ সালে ১ হাজার ৩৬১ শিশু আহত হয়েছে।