ডেইলি বাংলাগ্রাম

ল্যাপটপ হারানো জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন এক কর্মকর্তা

বাংলাদেশে ভ্রমণে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান তরুণ ক্রিল ল্যান্ডারকে একটি নতুন ম্যাকবুক উপহার দেওয়া হয়েছে।

ল্যাপটপ হারানো জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন এক কর্মকর্তা

বাংলাদেশে ভ্রমণে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান তরুণ ক্রিল ল্যান্ডারকে একটি নতুন ম্যাকবুক উপহার দেওয়া হয়েছে। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ শনিবার সন্ধ্যায় তাঁর হাতে এই উপহার তুলে দেন। হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ওই পর্যটকের কাছে ল্যাপটপটি হস্তান্তর করা হয়। ক্রিলের কান্নার একটি ভিডিও দেখে ব্যথিত হয়ে এবং তিনি যেন দেশ থেকে ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সেই ভাবনা থেকে এই উপহার দেন মুক্তি মাহমুদ।

গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে এই চুরির ঘটনা ঘটে। ট্রেনের টিকিট কাটার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যান ক্রিল। সে সময় ট্রেনের কর্মী পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তিনি ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগটি রেখে যান। পরে ফিরে এসে দেখেন ওই ব্যক্তি মালামাল নিয়ে পালিয়ে গেছেন। স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ। তবে চুরি হওয়া জিনিসপত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

নতুন ম্যাকবুক পেয়ে মানুষের সহায়তা ও সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রিল ল্যান্ডার। তিনি জানান, এই উপহার দিয়ে তিনি আবার কাজ শুরু করতে পারবেন এবং এ ঘটনা তাঁর জীবনের বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে। অন্যদিকে মুক্তি মাহমুদ জানান, তাঁর নিজের ছেলেও বিদেশে পড়াশোনা করে। সেই অনুভূতি থেকেই তিনি ক্রিলের সঙ্গে যোগাযোগ করেন এবং দেশের ভাবমূর্তি রক্ষার তাগিদ থেকে তাঁর পাশে দাঁড়ান।