রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ চারজন গ্রেপ্তার
রাজধানীর তুরাগ ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তুরাগ ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার অভিযানগুলো পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি রয়েছেন।
শনিবার বিকেল চারটার দিকে তুরাগের খালপাড় সেতু এলাকা থেকে ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুলনার ফুলতলা ও দিঘলিয়া থানায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে শুক্রবার রাতে মিরপুর এলাকায় গোপন বৈঠক করার সময় রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩) নামের আরও দুজনকে আটক করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।