নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও আ.লীগের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অন্তত ১০
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীবাড়ি এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ হৃদয় ও টেঁটাবিদ্ধ রাজু শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী সামেদ আলী এবং তাঁর অনুসারী শ্রমিক নেতা আবদুল কাদিরের পুরোনো বিরোধ ছিল। শনিবার বিকেলে এলাকায় হামলা ও গুলির ঘটনা ঘটলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আবদুল কাদিরের দাবি, চাঁদা না পেয়ে হালিম আজাদের লোকজন তাঁদের বাড়িতে হামলা করেছে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হালিম আজাদ বলেন, কৃষক দলের কর্মসূচি থেকে ফেরার পথে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে ৪০টি টেঁটা উদ্ধার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এবং সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।