ডেইলি বাংলাগ্রাম

রাজবাড়ীতে কলেজছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বাড়িতে আগুন

রাজবাড়ীতে কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (১৯) হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামি ও সন্দেহভাজন এক ইন্ধনদাতার বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

রাজবাড়ীতে কলেজছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বাড়িতে আগুন

রাজবাড়ীতে কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (১৯) হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামি ও সন্দেহভাজন এক ইন্ধনদাতার বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই সঙ্গে আসামিদের দুই স্বজনের বাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে নিখোঁজ হওয়ার তিন দিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বাড়ির কাছের একটি ডোবা থেকে ফুয়াদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। তিনি রাজবাড়ী শহরের একটি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ওই রাতেই ফুয়াদের বাবা ফরহাদ চৌধুরী সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর আজ শনিবার ভোরে বক্তারপুর গ্রামের ফিরোজ সরদার ওরফে বাবু (৩৪), রিয়াজ সরদার (২৩) ও সমেশপুর গ্রামের মো. শরীফ মণ্ডলকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই তাঁদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।

পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ফুয়াদকে ডেকে নিয়ে গামছা ও টি-শার্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ যেন ভেসে না ওঠে, সে জন্য পেট কেটে বস্তায় ভরে ডোবায় ফেলে দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি, গামছা ও টি-শার্ট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদকাসক্ত এবং ঘটনার মূল ইন্ধনদাতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।