সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন এ সফরে দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সম্প্রতি এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান। তিনি আরও জানান, সৌদি আরবের যুবরাজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে দেশটি সফরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের ও অন্যতম বড় উন্নয়ন অংশীদার। বড় প্রকল্পগুলোতে জাপানি বিনিয়োগ দুই দেশের সম্পর্ককে অনেক শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি নিরাপত্তা বিষয়ক এক অনলাইন সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট মোকাবিলায় আঞ্চলিক ঐক্যের ওপর দেওয়া তার বক্তব্য জাপান সরকারের আস্থা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান ও এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।