ডেইলি বাংলাগ্রাম

গত মাসে বিজিবির অভিযানে ২৫৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

গত সেপ্টেম্বর মাসে সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকার চোরাচালান পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত মাসে বিজিবির অভিযানে ২৫৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

গত সেপ্টেম্বর মাসে সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকার চোরাচালান পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এসব চোরাচালানে জড়িত থাকার দায়ে ২১৮ জনকে আটক করা হয়। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এসব তথ্য তুলে ধরে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম সোনা, ১৮ হাজার ৮৭২টি শাড়ি, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস, শার্টপিস ও চাদর-কম্বল, ২ হাজার ৫২৮টি তৈরি পোশাক এবং ৩ লাখ ৯ হাজার ২৪৬টি প্রসাধন সামগ্রী। এ ছাড়া ২০ লাখ ৮৭ হাজার ৮০৯টি আতশবাজি, ৭১৩টি মুঠোফোন, ৬ হাজার ২৯৩টি ডিসপ্লে, ৯ হাজার ৪০৭টি যন্ত্রাংশ, ৪ লাখ ৩৩ হাজার ২৬০ প্যাকেট চকলেট, ৪৬ হাজার ৮১২ কেজি জিরা, ২০ হাজার ৫৭৮ কেজি রসুন, ৮ হাজার ৩৫৭ কেজি চিনি, ২০ হাজার ৩২৩ কেজি সার, ১ লাখ ৪০ হাজার ২১৭ কেজি কয়লা ও ৫ হাজার ৩৬ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত ৬টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ১০৩টি সিএনজি ও ইজিবাইক, ৭৪টি মোটরসাইকেল, ৩১টি ভ্যান ও ৬৯টি নৌকা আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে ২টি মেশিনগান, ৩টি রাইফেল, ৬টি পিস্তল, ২টি অন্যান্য অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গুলি, ৫২ কেজি সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৬ লাখ ৯৪ হাজার ৬০৫টি ইয়াবা, ৫৮ গ্রাম হেরোইন, ১ হাজার ৪১৮ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৯২৫ বোতল বিদেশি মদ, ১৬৫ দশমিক ২৫ লিটার দেশি মদ, ৭১৬ ক্যান বিয়ার ও ১ হাজার ৭১৫ কেজি গাঁজা। এর বাইরে ৪ হাজার ৯৮৯ বোতল ইস্কাফ, ৮ হাজার ৫২৪ বোতল অন্যান্য সিরাপ, ২ হাজার ১৮টি অ্যানেগ্রা বা স্যানেগ্রা বড়ি, ১ লাখ ৮৩ হাজার ৩৭০ প্যাকেট সিগারেট-বিড়ি এবং ২ লাখ ১৫ হাজার ৫৮৬টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে ২০১ জন মিয়ানমারের নাগরিক, ৫৮ জন বাংলাদেশি এবং ৭ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।