মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের ইহতেশামুল হক
মালয়েশিয়ায় আয়োজিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।
মালয়েশিয়ায় আয়োজিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই পর্ব পেরিয়ে মূল লড়াইয়ে নামে ৩৮টি দেশ। তাদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে তিনি এ সাফল্য ছিনিয়ে নেন।
কুয়ালালামপুরে গত ৬ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই আসরের উদ্বোধন ঘোষণা করেন। পাঁচ দিন চলার পর শনিবার (১০ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। অনুষ্ঠানে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের পুরস্কৃত করেন। প্রথম হওয়ার সুবাদে হিরা নগদ ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, একটি সম্মাননা স্মারক, ৫ হাজার রিঙ্গিতের ওমরাহ বা পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি সোনার বার লাভ করেন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। তিনি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব পদে রয়েছেন। প্রতিষ্ঠানটির অন্য শিক্ষার্থীরাও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তুরস্ক ও কুয়েতের মতো দেশে বিশ্বমঞ্চে এর আগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তাদের মধ্যে রয়েছেন সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নুর।