ডেইলি বাংলাগ্রাম

মিরসরাইয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, মালামাল লুট

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

মিরসরাইয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, মালামাল লুট

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক পুলিশ কর্মকর্তা মো. মতিন উল্লাহকে মারধর ও হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।

ভুক্তভোগী মতিন উল্লাহ জানান, গত বছরের ২৫ ডিসেম্বর তিনি চাকরি থেকে অবসরে যান। ঘটনার রাতে বাড়িতে তিনি, তাঁর স্ত্রী ও মেয়ে ছিলেন। রাত একটার দিকে হাফপ্যান্ট ও মুখোশ পরা আট থেকে দশজনের একটি সশস্ত্র দল দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা তাঁকে গালাগাল ও মারধর করে অবসরের টাকার খোঁজ করতে থাকে। পরিবারের সামনে অপদস্থ হতে না চেয়ে তিনি তাঁদের অনুরোধ করেন মারধর না করে প্রয়োজনে বেঁধে রাখতে। এরপর ডাকাতেরা তাঁকে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। তারা ঘরের আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা, ৫ ভরি সোনার গয়না, তিনটি মুঠোফোন, সিসিটিভি মনিটর ও একটি ইউপিএস নিয়ে যায়।

ডাকাত দল চলে যাওয়ার কিছুক্ষণ পর মতিন উল্লাহ মুক্ত হয়ে প্রতিবেশীর বাড়ি গিয়ে পুলিশে খবর দেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। শনিবার দুপুরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও বাড়িটি পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।