ডেইলি বাংলাগ্রাম

সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মুত্তাকিম চৌধুরীর জীবনাবসান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই।

সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মুত্তাকিম চৌধুরীর জীবনাবসান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই। শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে বিজ্ঞানী আবেদ চৌধুরী।

আব্দুল মুত্তাকিম চৌধুরী বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রবক্তা ছিলেন। তিনি পাকিস্তান জাতীয় পরিষদ এবং পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। কর্মজীবনে তিনি ১৯৭৩ সালে জাপানে এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন।

মরহুমের পুরো নাম আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী এবং তাঁর জন্ম সিলেটের ঐতিহ্যবাহী কানিহাটি জমিদার পরিবারে। শিক্ষাজীবনে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাস করেন। এছাড়া তিনি শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে লন্ডনের লিংকনস ইন থেকেও উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি।