দিল্লি পৌঁছাতেই উড়োজাহাজ থেকে আটক সিজেপির তিন শীর্ষ নেতা
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে এসে দিল্লিতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতা।
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে এসে দিল্লিতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতা। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই পুলিশ ভেতরে ঢুকে তাঁদের আটক করে। আটক অপর দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
বাণিজ্যিক উড়োজাহাজে পুলিশের এমন পদক্ষেপে সাধারণ যাত্রীরা অবাক হন এবং অনেকেই ঘটনার ভিডিও ধারণ করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার সময় উত্তেজিত হয়ে অভিজিৎ বলছিলেন যে তিনি গ্রেফতার হতেই এসেছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে এই কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে পুলিশ আগেই সমাবেশের অনুমতি বাতিল করেছিল।
এই আটকের তীব্র নিন্দা জানিয়ে তিন নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিজেপি। এক বিবৃতিতে দলটি অভিযোগ করে, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ভণ্ডুল করতে এবং চলাচলের অধিকার হরণ করতেই পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।