ডেইলি বাংলাগ্রাম

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা স্থগিত, সড়কে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা স্থগিত, সড়কে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা বাতিলের প্রতিবাদে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বেলা সোয়া ১১টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাত মসজিদ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

অধিদপ্তরের ১১তম গ্রেডের ২৪২টি পদের জন্য ঢাকার প্রায় ১০০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ছড়াতে থাকে। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজসহ বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, প্রশ্ন বিতরণের মাত্র কয়েক মিনিট আগে পরীক্ষা বাতিলের কথা জানানো হয়। এতে দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নের আংশিক মিল পাওয়া গেছে। অন্যদিকে অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।