ডেইলি বাংলাগ্রাম

প্রবাসফেরত নারী শ্রমিকদের দেশেও সামাজিক অবহেলা ও অনিশ্চয়তা

বিদেশে নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে দেশে ফেরা নারী শ্রমিকেরা নতুন করে সামাজিক ও আর্থিক সংকটে পড়ছেন।

প্রবাসফেরত নারী শ্রমিকদের দেশেও সামাজিক অবহেলা ও অনিশ্চয়তা

বিদেশে নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে দেশে ফেরা নারী শ্রমিকেরা নতুন করে সামাজিক ও আর্থিক সংকটে পড়ছেন। নিঃস্ব হয়ে ফেরার পর পরিবার ও প্রতিবেশীদের কটূক্তি এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তারা মানসিক বিপর্যয়ের মুখে পড়েছেন। কাগজে-কলমে ‘প্রত্যাগত অভিবাসীকর্মী পুনঃএকত্রীকরণ নীতি, ২০২৫’ থাকলেও বাস্তব পুনর্বাসনে কার্যকর সরকারি সহায়তার অভাব রয়েছে। এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কাছে কতজন নারী কর্মী ফিরে এসেছেন, তার কোনো তালিকা পর্যন্ত নেই।

বিএমইটির তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৭২ হাজার ২০৮ জন নারী কর্মী কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন। এর মধ্যে ২০২৪ সালে ৬১ হাজার ২৫৬ জন, ২০২৫ সালে ৬২ হাজার ৩৫৫ জন এবং ২০২৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত গেছেন ৪৮ হাজার ৬৯৭ জন। গন্তব্যের মধ্যে শীর্ষে থাকা সৌদি আরবে গেছেন ১ লাখ ১৮ হাজার ২৮ জন নারী। এছাড়া জর্ডানে ৩৭ হাজার ২৮৭, কাতারে ৫ হাজার ৮৯৯, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৪৮১ এবং লেবানন ও কুয়েতে ১ হাজার ১৩০ জন করে কর্মী যান। তবে সৌদি আরবে গিয়ে নরসিংদীর রনি বেগম, সাতক্ষীরার সুমি বেগম এবং সুনামগঞ্জের তাহিরুন্নেসার মতো নারীরা বেতন না পাওয়া ও বন্দিদশাসহ নানা নির্যাতনের শিকার হয়ে ফিরেছেন। দেশে ফিরেও তারা সহমর্মিতার বদলে কেবল সন্দেহ, ঋণ এবং সামাজিক দূরত্বের মুখোমুখি হচ্ছেন।

ফিরে আসা নারী কর্মীদের তালিকার বিষয়ে বিএমইটির পরিচালক নাজমুল ইসলাম সরকার ও সিস্টেম অ্যানালিস্ট আবু রায়হান জানান, এ সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে এন্ট্রি করা নেই। বিষয়টি নিয়ে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, শুধু আর্থিক প্রণোদনা নয়, এই নারীদের সামাজিক মর্যাদা, মানসিক সেবা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা জরুরি। এছাড়া নীতিমালা বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং সঠিক তথ্যভাণ্ডার থাকা আবশ্যক। অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ফিরে আসা অসচ্ছল ও বিধবা নারী শ্রমিকদের স্বাবলম্বী করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই এ নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।