অচলাবস্থার মধ্যেই চুয়েটের উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত রহমান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মাঝেই উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মাঝেই উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম শুক্রবার এই দায়িত্ব অর্পণ করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে উপাচার্য ঢাকায় অবস্থান করায় ১১ ও ১২ অক্টোবর—এই দুই দিন অধ্যাপক আরাফাত দায়িত্ব পালন করবেন। বিষয়টি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন থেকে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি শুরু করেন। এর ফলে গত ১৯ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় নতুন উপাচার্য এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তবে ২৪ সেপ্টেম্বর তিনি দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক চিঠি পাঠান।
রুটিন দায়িত্ব পেয়ে অধ্যাপক আরাফাত রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে তিনি সবাইকে বুঝিয়ে শিক্ষা কার্যক্রম সচল করার চেষ্টা করবেন। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, এই সিদ্ধান্তে তাঁদের কর্মসূচিতে কোনো বদল আসবে না। পুরকৌশল বিভাগের শিক্ষার্থী নাফিস হাসান জানান, সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের শাটডাউন কর্মসূচি চলবে এবং প্রশাসনিক ভবনের তালাও খোলা হবে না।