ডেইলি বাংলাগ্রাম

ঢাকা মেডিকেলে লাশ ফেলে পালালেন দুই যুবক, চশমার রসিদ দেখে মিলল পরিচয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছেন দুই যুবক।

ঢাকা মেডিকেলে লাশ ফেলে পালালেন দুই যুবক, চশমার রসিদ দেখে মিলল পরিচয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছেন দুই যুবক। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম সবুজ মল্লিক (৫০)। তিনি জামালপুর সদরের বাসিন্দা এবং ধামরাইয়ের প্রতীক সিরামিক কোম্পানিতে ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। পকেটে থাকা চশমার দোকানের রসিদের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুই যুবক সবুজ মল্লিককে ট্রলিতে করে জরুরি বিভাগে আনেন। তাঁদের একজন টিকিট কাটার কথা বলে ভেতরে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় ট্রলিম্যান ও নার্সরা অপর যুবকের কাছে জানতে চান। তখন তিনি প্রথমজনকে খোঁজার অজুহাত দেখিয়ে কৌশলে সটকে পড়েন। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে নিহতের পকেটে মানিব্যাগ, ভিজিটিং কার্ড ও চশমার রসিদ পায়। সেই রসিদ ধরে দোকানে ছবি পাঠানো হলে তারা তা ফেসবুকে দেয়। সেখান থেকেই স্বজনেরা তাঁর সন্ধান পান।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, সবুজ মল্লিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি এবং বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। নিহতের ছেলে তামিম মল্লিক জানান, তাঁর বাবা কর্মস্থল ধামরাইয়েই থাকতেন। তবে ঘটনার দিন তিনি কোথায় গিয়েছিলেন কিংবা কীভাবে এ ঘটনা ঘটল, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না।