রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
শুল্ক দেওয়ার পরও বাজারে মাল্টা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শুল্ক দেওয়ার পরও বাজারে মাল্টা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন রমজান বা অন্য কোনো উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট তৈরি কিংবা অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই এবং নতুন চালানও পাইপলাইনে আছে। ফলে ব্যবসায়ীরা যোগসাজশ করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। এছাড়া সারা বছর বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এলাকাভিত্তিক কৃষি উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। এতে আরও বক্তব্য দেন পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কাস্টমস কমিশনার মুহা. মাহবুবুর রহমান, বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এ সালামসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।