পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, জলবায়ু অর্থায়ন ও কার্বন বাজারে জোর
বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস।
বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়ন এবং আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশ নেওয়ার মতো বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামও উপস্থিত ছিলেন।
আলোচনায় জীববৈচিত্র্য অর্থায়ন পরিকল্পনা (বায়োফিন), ন্যাশনাল কুলিং প্ল্যান (এনসিপি), প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন দিক উঠে আসে। পরিবেশমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই অভিযোজন কর্মসূচিগুলো আরও বাস্তবমুখী হওয়া জরুরি। তিনি আন্তর্জাতিক তহবিল থেকে সহজ শর্তে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইউএনডিপির সহায়তা চান। অন্যদিকে, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপকূল, চর, হাওর ও খরাপ্রবণ অঞ্চলের মানুষের সুরক্ষায় স্থানীয় পর্যায়ের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বাংলাদেশের পরিবেশবান্ধব উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে মিল রেখে জলবায়ু অর্থায়ন, দূষণ নিয়ন্ত্রণ ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে। উভয় পক্ষ চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করা এবং কার্বন ক্রেডিট ও প্রতিবেশ পুনরুদ্ধারের মতো নতুন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে একমত হয়। বৈঠকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।