ডেইলি বাংলাগ্রাম

রংপুরে চার খুন: আলামতে মুগ্ধ ও সিদ্ধার্থের ডিএনএ শনাক্ত

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জব্দ করা আলামতের সঙ্গে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর মিল পাওয়া গেছে।

রংপুরে চার খুন: আলামতে মুগ্ধ ও সিদ্ধার্থের ডিএনএ শনাক্ত

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জব্দ করা আলামতের সঙ্গে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর মিল পাওয়া গেছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিআইডির রংপুর অফিসের বিশেষ পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, ঘটনাস্থলের আলামত পরীক্ষায় শুধু এই দুই পুরুষের উপস্থিতি পাওয়া গেছে। এর ফলে নৃশংস এই হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়টি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়া গেল।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ৩৫টি আলামত জব্দ করেছিল সিআইডি। এর মধ্যে কামড়ানো খেজুর ও শসা, খেজুরের বিচি এবং সিগারেটের অবশিষ্টাংশ ছিল। ঘটনার ১২ দিন পর তিন দফায় এসব ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে পুরুষের উপস্থিতির প্রমাণ মিললে গত ২০ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে দুই আসামিকে ঢাকায় এনে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ল্যাব পরীক্ষায় সেই নমুনার সঙ্গে জব্দকৃত আলামতের ডিএনএ হুবহু মিলে যায়।

গত ২১ আগস্ট ভোরে নগরীর মাছুয়াপাড়ার বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী। ওই ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ জানান, তদন্তের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুতই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।