তুরস্কের স্পিকারের সঙ্গে বৈঠক করলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান এমপি।
তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় নানা বিষয়, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি উপস্থিত ছিলেন।
আলোচনায় স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান এবং এতে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন। শফিকুর রহমান দেশের সংসদীয় ব্যবস্থায় দলের ইতিবাচক ভূমিকা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গাদের সহায়তার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশটির প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের কাছে হস্তান্তর করেন।
এ ছাড়া বাংলাদেশে তুরস্কের বাণিজ্যিক ও অর্থনৈতিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। শিক্ষা, প্রযুক্তি এবং শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের জনগণের মেলবন্ধন দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় বিরোধীদলীয় নেতার প্রতিনিধিদলে ছিলেন শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান এবং ডা. এসএম খালিদুজ্জামান।