ডেইলি বাংলাগ্রাম

চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তে গণতান্ত্রিক অধিকার কমিটির ক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তে গণতান্ত্রিক অধিকার কমিটির ক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে গণতান্ত্রিক অধিকার কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই চুক্তি করায় প্রশ্ন উঠছে যে সাম্রাজ্যবাদী শক্তির কাছে মুচলেকা দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে কি না। চুক্তি স্বাক্ষরের সময় বাইরে বামপন্থী দলগুলোর বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনারও তীব্র নিন্দা জানায় সংগঠনটি।

চুক্তি স্বাক্ষরস্থলের বাইরে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের হামলায় সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, নেতা মনিরুজ্জামান মিলন, বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী, অধিকার কমিটির সীমা দত্ত এবং ছাত্র ইউনিয়ন নেতা আসিফ জামানসহ অনেকে আহত হন। অধিকার কমিটি উল্লেখ করেছে, অতীতের সরকারগুলো আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করল। প্রধান সমুদ্রবন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য চরম ঝুঁকিপূর্ণ। এ ছাড়া সংসদে বা সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোও সরকারের এই অবস্থানের সঙ্গে একমত বলে বিবৃতিতে সমালোচনা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যে সংসদে আলোচনা ছাড়া মার্কিন বাণিজ্যচুক্তি করা এবং বিমান কেনার মতো পদক্ষেপে বিদেশি স্বার্থ রক্ষা করা হচ্ছে। এদিকে এই চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে ২০০৬ সালের ফুলবাড়ী আন্দোলনের উদাহরণ টেনে বলেন, দেশবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে তা মানতে বাধ্য করা হবে।