প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে আবরারের বাবা মো. বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন এবং ছোট ভাই আবরার ফাইয়াজসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের খোঁজখবর নেন এবং বিভিন্ন দাবির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে আবরারের বাবা হত্যা মামলার বিচারিক কাজ দ্রুত শেষ করে রায় কার্যকরের অনুরোধ জানান। জবাবে প্রধানমন্ত্রী জানান, মামলাটি উচ্চ আদালতে রয়েছে এবং সরকার পরিবারটিকে সব ধরনের সহায়তা দেবে। এছাড়া কুষ্টিয়ার গড়াই নদীতে একটি সেতু নির্মাণ এবং আবরারের নামে তার নামকরণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি আবরারের কবরের পাশের মসজিদটির নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। আবরারের বাবা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিসহ পলাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। আবরারের মা সব ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আবরারের ভাই বুয়েটে আবরারের নামে হল নির্মাণ, পাঠ্যবইয়ে তাঁর স্মৃতি অন্তর্ভুক্তি এবং জুলাই আন্দোলনের আগের শহীদদের তালিকা তৈরির দাবি জানান।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার জেরে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে আবরার ফাহাদ নিহত হন। পরে তাঁর বাবার করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মোট ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট ওই রায় বহাল রাখেন। বর্তমানে মামলাটির আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।