ডেইলি বাংলাগ্রাম

শ্রীনগরে পূজার প্রস্তুতি সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

শ্রীনগরে পূজার প্রস্তুতি সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর উপস্থিতিতে এ ঘটনা ঘটে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া এবং ৮৫টি পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ঘটনার ভিডিও চিত্র অনুযায়ী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের বক্তব্যের প্রতিবাদ জানাতে গেলে নুরুজ্জামান মীর তোপের মুখে পড়েন। প্রথমে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে না চেনার কথা বলে কক্ষ থেকে বের করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তিনি আবার বক্তব্য দেওয়ার সুযোগ পান। এ সময় তাঁর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় এবং পেছন থেকে ঘুষি মারা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে জামায়াত নেতাকে সরিয়ে দেয়।

এ ঘটনায় জামায়াত নেতা নুরুজ্জামান মীর জানান, বিষয়টি মীমাংসা হয়নি এবং তাঁরা দলীয় সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে শ্রীনগর থানার ওসির দাবি, ভুল-বোঝাবুঝি থেকে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলাটি সেখানেই সমাধান করা হয়েছে এবং কোনো অভিযোগ আসেনি। অন্যদিকে বিএনপি নেতা হাফিজুল ইসলাম খান মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার কথা স্বীকার করলেও মারধরের বিষয়ে কিছু জানেন না বলে জানান। সংসদ সদস্যের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি।