প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর, দুই মাসে হবে ১ হাজার মাঠ
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ প্রস্তুত করতে বলেছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এসব মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার ওপর তিনি জোর দেন।
বৈঠকে জানানো হয়, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে ধাপে ধাপে খেলার মাঠ তৈরি করা হবে। এজন্য ইতোমধ্যে ২৭টি জেলায় ৪০৩টি খাসজমি নির্বাচন করা হয়েছে। মাঠগুলোর আয়তন হবে সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ আট বিঘা। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৪০টি এবং দক্ষিণ সিটিতে ৯০টি মাঠ প্রস্তুত করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি মাঠ থাকবে। মাঠ তদারকির জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে দখল হওয়া মাঠ উদ্ধার ও উপজেলা স্টেডিয়ামগুলো সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে ১০টি খেলায় প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমীন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকেরা অংশ নেন।