যুক্তরাজ্যের সঙ্গে সংসদীয় সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও দৃঢ় করতে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের কার্যকর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও দৃঢ় করতে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের কার্যকর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এপিপিজির চেয়ার আফসানা বেগম এমপি। এছাড়া প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এপিপিজির ভূমিকার প্রশংসা করেন। যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার ও উন্নয়ন অংশীদার উল্লেখ করে তিনি পারস্পরিক সফর, সংসদীয় কমিটির মতবিনিময় এবং কর্মী প্রশিক্ষণের ওপর জোর দেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের আদলে দ্বিপক্ষীয় সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনেরও আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি জানান, ২০২৬ সালের অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ ধাঁচে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে প্রতিনিধিদলের পক্ষ থেকে আফসানা বেগম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রশংসা করেন এবং গণতন্ত্রের জন্য রাষ্ট্রপতির দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।