স্থানীয় সরকার নির্বাচনে লড়তে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা: মীর শাহে আলম
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আইনি বা নীতিগত বাধা নেই।
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আইনি বা নীতিগত বাধা নেই। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা এই সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই কথা জানান।
অনুষ্ঠানে শিক্ষকদের জাতীয়করণের দাবির প্রতি সমর্থন জানান প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রতি বছর বাড়তি ৭০০ থেকে ৮০০ কোটি টাকার প্রয়োজন। সুশৃঙ্খল জাতীয় সমাবেশ আয়োজনের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি পৌঁছানোর পরামর্শ দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে অবসরে যাওয়া প্রায় এক লাখ শিক্ষকের সুবিধার জন্য এরই মধ্যে দুই হাজার কোটি টাকার বিশেষ তহবিল তৈরি করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের একটি পরিকল্পনার কথা তুলে ধরেন শাহে আলম। তিনি জানান, প্রতিটি প্রতিষ্ঠানের ছাদে ৫ দশমিক ৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় অনুদান দেবে। এর ফলে সার্বক্ষণিক বিদ্যুতের জোগান নিশ্চিত হবে। একই সঙ্গে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা আয় করতে পারবে।