ডেইলি বাংলাগ্রাম

জঙ্গল সলিমপুরে ৩০০ একরে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে একটি নতুন পুলিশ একাডেমি নির্মাণ করা হবে।

জঙ্গল সলিমপুরে ৩০০ একরে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে একটি নতুন পুলিশ একাডেমি নির্মাণ করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ওই এলাকার সরকারি খাস জমি দখলমুক্ত করে সন্ত্রাস নির্মূলের কার্যক্রম চলছে। সেখানে প্রায় ৩০০ একর জমিতে পুলিশ একাডেমি এবং ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে। পাশাপাশি অবৈধ বাসিন্দাদের পুনর্বাসন ও সেখানে সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায় ঠেকাতে সেনাবাহিনীর দুটি নতুন ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এগুলো রামুর ১০ পদাতিক ডিভিশনের নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া ক্যাম্প এলাকায় ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া মেরামত, সোলার লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ওয়াচ টাওয়ার তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরীণ অপরাধ দমন প্রসঙ্গে মন্ত্রী জানান, মাদক, অনলাইন জুয়া ও অস্ত্রধারী দলগুলোর বিরুদ্ধে এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান জোরদার হবে। মামলা দ্রুত তদন্তের জন্য এপিবিএনের প্রায় ৪০০ জন উপপরিদর্শককে (এসআই) আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। তবে যেকোনো জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে নিরাপত্তা বিধানের নিয়ম বহাল রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।