ডেইলি বাংলাগ্রাম

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এই বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে পিপিপি ও জিটুজি কাঠামোর আওতায় এনসিটি পরিচালনার এই প্রক্রিয়াটি প্রথম শুরু হয়। অন্তর্বর্তী সরকারের আমলে দর-কষাকষি চললেও শ্রমিকদের আন্দোলন ও আলোচনা কমিটির আপত্তির কারণে গত ফেব্রুয়ারিতে তা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে নতুন সরকার দায়িত্ব নিলে পুনরায় আলোচনা শুরু হয় এবং গত জুনে নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এই টার্মিনাল দিয়ে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার পরিবহন করা হয়, যা পুরো বন্দরের মোট কনটেইনারের প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করছে এবং ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত তারাই দায়িত্বে থাকবে। এ ছাড়া বন্দরের জিসিবি ও সিসিটি টার্মিনাল দেশীয় অপারেটর এবং পতেঙ্গা টার্মিনাল সৌদি আরবের আরএসজিটিআই পরিচালনা করছে।