ডেইলি বাংলাগ্রাম

রূপগঞ্জে স্টিল মিলের ফার্নেস বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় লোহা গলানোর ফার্নেস বিস্ফোরণে চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

রূপগঞ্জে স্টিল মিলের ফার্নেস বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় লোহা গলানোর ফার্নেস বিস্ফোরণে চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার বরপা-আড়িয়াবো এলাকার প্রিমিয়ার রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন সজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) এবং আবির (১৯)। প্রত্যক্ষদর্শী নাবিল তালুকদার জানান, কারখানা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই তিনি বিকট শব্দ শুনতে পান। পেছনে তাকিয়ে তিনি বাট্টি ফেটে আগুন ছড়িয়ে পড়তে দেখেন। এরপর আহত অবস্থায় পড়ে থাকা চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহত চার শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের তথ্য অনুযায়ী, সজিব সরকারের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রুবেল আহমেদের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ ও আবিরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।