উৎপাদনের পথে রূপপুর: প্রথম ইউনিটে ‘বি টু’ ধাপ শুরুর অপেক্ষা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের কাছাকাছি পৌঁছেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের কাছাকাছি পৌঁছেছে। চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণু বিভাজনের জন্য এখন ‘বি টু’ ধাপের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) এই অনুমতি দেবে। এই ধাপের মাধ্যমেই পারমাণবিক চুল্লিতে ধাপে ধাপে নিরাপদ বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।
রাশিয়ার সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনে প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ ধাপ শেষ হয়েছে। স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের জটিলতাও সফলভাবে কেটে গেছে। চুল্লির উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ৩০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছালে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ দেওয়া হবে। রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের আটটি সঞ্চালন লাইনের কাজও শেষ হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, প্রয়োজনীয় সব নথিপত্র বায়রার কাছে জমা দেওয়া হয়েছে। এখন কেবল তাদের অনুমতির অপেক্ষা। সেই অনুমতি পেলেই পরবর্তী ধাপের কাজ শুরু করা যাবে। জমা দেওয়া কাগজপত্র পর্যালোচনা করে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও ইতিবাচক মনোভাব দেখিয়েছে।