শেখ হাসিনার ফেরা নিয়ে ভাইরাল অডিওটি সাবেক ওসি রাকিবুলের
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার ফেরা সংক্রান্ত অডিও ক্লিপটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার ফেরা সংক্রান্ত অডিও ক্লিপটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান। আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তার কণ্ঠ শনাক্ত করা হয়েছে।
ভাইরাল হওয়া ওই অডিওতে রাকিবুলকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন এবং বর্তমান পুলিশ বাহিনী তাকে ঠেকাতে পারবে না। এই কথোপকথন প্রকাশ্যে আসার পর গত ১৭ সেপ্টেম্বর তাকে থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। রাকিবুল কার সঙ্গে এসব কথা বলছিলেন এবং কেন এমন মন্তব্য করেছেন, তা নিয়ে বর্তমানে তদন্ত চলছে।
এই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাকিবুলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলার পর তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ডিবি প্রধান জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা সম্ভব নয়।